Image description

মৌলভীবাজারের জুড়ীতে জলাশয়ে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৮) এবং শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকার নারায়ণ দাসের ছেলে দুর্জয় দাস (৯)। তারা সম্পর্কে খালাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, অমল দাসের মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার পরিবারের সঙ্গে আমতৈল গ্রামে আসে দুর্জয়। বুধবার দুপুরে অনন্য ও দুর্জয় বাড়ির পাশের নিলয় দাসের দোকানসংলগ্ন একটি জলাশয়ে বড়শি দিয়ে মাছ ধরতে যায়।

একপর্যায়ে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্য শিশুটিও পানিতে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পরে মাঠ থেকে ঘাস কাটতে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি জলাশয়ে দুই শিশুকে ভাসতে দেখেন। তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস