ইঁদুরের কামড়ে বৈদ্যুতিক তার কেটে ব্ল্যাকআউট হওয়ায় যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে কারখানার পাওয়ার প্লান্টে শর্টসার্কিট হয়ে হঠাৎ ব্ল্যাকআউট দেখা দিলে বন্ধ হয়ে যায় ইউরিয়া উৎপাদন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক জানান, মধ্যরাতে পাওয়ার প্লান্টে ইঁদুর ঢুকে তার কেটে দিলে শর্টসার্কিট হয়ে পুরো কারখানায় ব্ল্যাকআউট হয়। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলে আগামী শনিবার নাগাদ উৎপাদন শুরু করা সম্ভব হবে।
তিনি আরো জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কোথাও ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা জানান, দীর্ঘ ২৩ মাস তীব্র গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ থাকার পর গত ২৪ নভেম্বর গ্যাস সংযোগ পেয়ে উৎপাদন শুরু হলেও কখনো গ্যাসচাপ কমে যাওয়ায়, কখনো প্রযুক্তিগত ত্রুটিতে উৎপাদন থেমেছে।
দীর্ঘ ২৩ মাস গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর গত বছরের ২৩ ডিসেম্বর গ্যাস সংযোগ পাওয়ায় কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। তবে গত ২২ জানুয়ারি রাতে আবারও গ্যাস সংকট দেখা দেওয়ায় এবং একই সঙ্গে বুস্টার কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
পরবর্তীতে টানা ১১ দিন ধরে বুস্টার কম্প্রেসার মেরামতের কাজ শেষে ১২ দিনের মাথায় গতকাল মঙ্গলবার রাত থেকে পুনরায় উৎপাদন শুরু করা হয়।




Comments