Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী ডা. মো. সফিউদ্দিন সরকার বলেছেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং জনগণ সঠিকভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে লাঙ্গল প্রতীকের বিজয় শতভাগ নিশ্চিত হবে।

গাজীপুর-৫ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ডা. সফিউদ্দিন সরকার বলেন, একজন সুনাগরিক হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে সৎ, স্বচ্ছ ও দায়বদ্ধতার সঙ্গে গাজীপুর-৫ আসনের উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। তিনি নির্বাচিত হলে টঙ্গী–কালীগঞ্জ এবং তুমুলিয়া–পূর্বাচল সড়কদ্বয়কে নিরাপদ ও আধুনিক মহাসড়কে উন্নীত করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তর করা হবে, যাতে এলাকার মানুষ উন্নত চিকিৎসাসেবা পায়। পাশাপাশি সিটি কর্পোরেশন, পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে নতুন রাস্তা নির্মাণ, বিদ্যমান সড়ক প্রশস্তকরণ ও মেরামত কার্যক্রম জোরদার করা হবে।

হাট-বাজারের আধুনিকায়ন, পানি ও বায়ু দূষণ রোধ, এলাকার খাল, বিল ও নদী সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।

এ ছাড়া মাদক নির্মূল ও দুর্নীতি দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. সফিউদ্দিন সরকার বলেন, তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণ, পল্লী উন্নয়ন ও কুটির শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, গাজীপুর-৫ আসনের উন্নয়ন হবে জনগণের মতামত ও পরামর্শের ভিত্তিতে। সবাইকে সঙ্গে নিয়ে এই এলাকাকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।