বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কীভাবে? গত ১৬ বছর জনগণ একটি দলকে দেখেছে এবং ৫ আগস্টের পর আরেক দলকে দেখছে। এবার জনগণই বিচার করবে কারা দেশ পরিচালনার যোগ্য।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের রূপরেখা তুলে ধরে বলেন, “বিগত ৫৪ বছর ধরে যাদের যত বেশি বঞ্চিত করা হয়েছে, আমাদের উন্নয়ন সেখান থেকেই শুরু হবে। আমরা কোনো নির্দিষ্ট দল কিংবা পরিবারের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আমরা দুর্নীতির ডাল-পালা ধরে টান দেব না, বরং শিকড় উপড়ে ফেলব। দেশে কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। যারা ২৮ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা তা ফিরিয়ে আনতে পারবে না। কেবল কলঙ্কমুক্ত নেতারাই পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সক্ষম।”
আইনের শাসন ও নারী নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। অপরাধী সাধারণ মানুষ হোক কিংবা রাষ্ট্রপতি—সবার বিচার হবে একই আইনে। আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মা-বোনের ইজ্জত লুণ্ঠিত হতে দেব না।”
বিগত সরকারের দমন-পীড়নের স্মৃতি চারণ করে তিনি বলেন, “অগণিত নেতাকর্মীকে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে, অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরও আমরা জনগণের পাশ ছাড়িনি। ৫ আগস্টের পর সুযোগ পেয়েও আমরা কোনো প্রতিশোধ নেইনি, কোনো মামলা বা চাঁদাবাজি করিনি। আমরা মানুষের জানমালের পাহারাদার হিসেবে কাজ করেছি।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “১২ তারিখের প্রথম ভোট হবে গণভোট—‘হ্যাঁ’ ভোট। এরপরের ভোট হবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে। একটি বার সুযোগ দিন, আমরা যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ব।”
মেহেন্দীগঞ্জ উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এর আগে সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মেহেন্দীগঞ্জে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে বিপুল সংবর্ধনা জানান। জনসভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments