ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি শুরু করেছে। একই সময়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে দ্বিতীয় দিনেও অবস্থান চলছে। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী এবং হাদির পরিবারের সদস্যরা।
শুক্রবার দুপুরে যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
যমুনার সামনে ইনকিলাব মঞ্চের ১০–১২ জন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় ৭০–৮০ জন আন্দোলনকারী অবস্থান করছেন। সরকারি কর্মকর্তাদের ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতেও যমুনার সামনে উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে। পুলিশ দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে দুপুর ১টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
গত বছরের ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলার পর ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আন্দোলনকারীরা শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments