Image description

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন (ইসি) সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এখন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো কাজ বাকি নেই।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে তিনি বলেন, প্রায় সব আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে এবং বাকি আসনেও দ্রুত পৌঁছানো হবে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়েও ইতিমধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে এক নজির। ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি বা কম হতে পারে বলে ইসি আশা করছে।

দেশের ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন, যেখানে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে (৮ লাখ ৪ হাজার), সর্বনিম্ন ঝালকাঠি-১ আসনে (২ লাখ ২৮ হাজার)।

ভোটগ্রহণ হবে ৪২,৭৭৯টি কেন্দ্রের ২,৪৭,৪৮২টি ভোটকক্ষে। নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা ও ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ৫৫,৪৫৪ দেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন।

পোস্টাল ভোটের জন্য ১৫,৩৩,৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ৭,৭২,৫৪৬ এবং দেশের ভেতরে আইসিপিভি ভোটার ৭,৬১,১৩৮। ইতিমধ্যে প্রবাসীদের মধ্যে ৪,৮০,৪১৬ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।

মানবকণ্ঠ/আরআই