স্বজনদের আহাজারি
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গাংগাটিয়া সিডস্টোর বাজার সংলগ্ন আওলাতলী রোড এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা লেপতোশক ব্যবসায়ী বিল্লালের স্ত্রীকে নিজ বসতঘরে জবাই করে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে নিহত গৃহবধূ নিজ ঘরে ঘুমাতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে। পরে রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতরে পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ভালুকা মডেল থানার ওসি জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




Comments