Image description

আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচে মাঠে না নামার কারণ ব্যাখ্যা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে আইনি যুক্তি হিসেবে ‘ফোর্স মেজার’ বা অনিবার্য পরিস্থিতির ধারা ব্যবহার করেছে পিসিবি। এই ধারার মাধ্যমে কোনো পক্ষ তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্বাভাবিক পরিস্থিতির কারণে চুক্তিগত দায় থেকে অব্যাহতি পেতে পারে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের পেছনে সরাসরি সরকারের নির্দেশনার কথা উল্লেখ করেছে।

কী এই ‘ফোর্স মেজার’: সাধারণত যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা রাজনৈতিক অস্থিরতার মতো চরম পরিস্থিতিতে ‘ফোর্স মেজার’ ধারা প্রয়োগ করা হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, সরকারি নির্দেশনাকেও এই ধারার আওতায় আনার সুযোগ রয়েছে। সে কারণেই কাগজে-কলমে পিসিবি আপাতত আইনি সুরক্ষা পাচ্ছে বলে মনে করছে বোর্ডটি।

এর আগে পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেয়, বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান দল। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত করেন। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার প্রতিবাদে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানানো হয়।

পাল্টা অবস্থানে আইসিসি: তবে পিসিবির ‘ফোর্স মেজার’ যুক্তিতে পুরোপুরি সন্তুষ্ট নয় আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এক চিঠিতে জানতে চেয়েছে—এই সংকট এড়াতে বা পরিস্থিতি মোকাবিলায় পিসিবি কী কী বাস্তব পদক্ষেপ নিয়েছিল। আইসিসির মেম্বারস পার্টিসিপেশন এগ্রিমেন্ট (এমপিএ) অনুযায়ী এটি বাধ্যতামূলক।

আইসিসি আরও জানিয়েছে, কোন কোন শর্ত পূরণ হলে ‘ফোর্স মেজার’ কার্যকর হবে, সেটিও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি ম্যাচ বয়কটের ফলে ক্রিকেটের বাণিজ্যিক ও প্রশাসনিক কাঠামোয় যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, সে বিষয়েও পিসিবিকে সতর্ক করা হয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে পিসিবির কাছে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে আইসিসি। এমনকি গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে পাকিস্তানের সদস্যপদ স্থগিত বা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

পুরনো নজিরে আত্মবিশ্বাসী পিসিবি: আইসিসির কঠোর অবস্থান সত্ত্বেও আত্মবিশ্বাসী পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির কর্মকর্তারা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে অতীতের একটি আইনি বিরোধের উদাহরণ দিচ্ছেন, যা একসময় আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি পর্যন্ত গড়িয়েছিল।

২০১৪ সালে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে ব্যর্থ হয়েছিল বিসিসিআই। তখন ভারত সরকার অনুমতি না দেওয়াকেই কারণ হিসেবে দেখানো হয়েছিল। পিসিবির বিশ্বাস, সেই পুরনো নজির বর্তমান পরিস্থিতিতেও তাদের আইনি অবস্থানকে আরও শক্তিশালী করবে।

মানবকণ্ঠ/আরআই