বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে বিসিবি। কিন্তু তাতে সন্তুষ্ট নন জাহানারা।
গত বছরের ৮ নভেম্বর অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি তদন্ত কমিটি গঠন করে। নির্ধারিত সময়ের অনেক পরে, চলতি মাসের ২ ফেব্রুয়ারি অবশেষে সেই প্রতিবেদন জমা পড়ে। ৪ ফেব্রুয়ারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, জাহানারার চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়নি, তবে অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর অসদাচরণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
তবে জাহানারার আইনজীবী প্রতিষ্ঠান জানিয়েছে, অভিযোগকারী হয়েও তদন্ত প্রতিবেদন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তাকে কিছুই জানানো হয়নি। এমনকি রিপোর্টের কোনো কপিও জাহানারাকে দেওয়া হয়নি।
আইনি বিবৃতিতে বলা হয়-যৌন হয়রানি, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের অস্বচ্ছতা হতাশাজনক। তদন্তের ফলাফল নিয়ে জাহানারা কিছুটা স্বস্তি পেলেও পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবে তিনি হতাশ।
উল্লেখ্য, নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানারার অভিযোগের পর বিসিবি তদন্ত শুরু করে। যদিও সময়সীমা বারবার পেছানো হয়, শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পর প্রতিবেদন জমা পড়ে।




Comments