Image description

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এরই মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সারা দেশে যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চলছে, তখন তার এই অবস্থান নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন তিনি। তবে সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন এই স্পষ্টভাষী শিল্পী।

ন্যান্সি জানান, অতীতে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। এমনকি তার একাধিক কনসার্ট বাতিল করা হয়েছিল বলেও দাবি করেন। তবু এসব চাপে তিনি ভেঙে পড়েননি।

রাজনীতিতে তারকাদের অংশগ্রহণ প্রসঙ্গে ন্যান্সি বলেন, শিল্পীদের এমপি-মন্ত্রী হওয়ার আগ্রহ নিয়ে প্রশ্ন রয়েছে তার। তার মতে, শিল্পীদের নিজ নিজ অঙ্গনে যথেষ্ট সম্মান ও পারিশ্রমিক রয়েছে। শুধুমাত্র খ্যাতির কারণে কাউকে মনোনয়ন দেওয়ার সংস্কৃতিরও সমালোচনা করেন তিনি।

নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রসঙ্গে ন্যান্সি বলেন, এই মুহূর্তে তার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই। তবে যে রাজনৈতিক দলকে তিনি সমর্থন করেন, তারা ক্ষমতায় আসুক এমন প্রত্যাশা তার রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতেই বলেও মন্তব্য করেন তিনি।

জনগণের উদ্দেশে তিনি বলেন, ভোট দেওয়ার আগে অতীত কর্মকাণ্ড বিবেচনায় রাখা উচিত। একই সঙ্গে শুধু জনপ্রিয়তার ভিত্তিতে নয়, রাজনৈতিক অভিজ্ঞতা ও দীর্ঘ পথচলার মূল্যায়ন করে প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

মানবকণ্ঠ/আরআই