Image description

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপনে ইরানের শহর, নগর ও গ্রামজুড়ে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা বহন করে সরকারের প্রতি সমর্থন জানাচ্ছেন এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের বার্তা দিচ্ছেন। আজ ‘দশ দিনের ভোর’ উদযাপনের শেষ দিন, যা ইতিহাসে ইসলামি বিপ্লবের সাফল্য এবং শাহ শাসনের পতনের প্রতীক হিসেবে পরিচিত।

ইরানের সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, এ বছর বাহমান মাসের ২২ তারিখে তেহরানের আজাদি স্কয়ারে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এই আয়োজন সারা দেশে ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হচ্ছে দেশজুড়ে। আয়োজকদের তথ্যমতে, ইরানের ১ হাজার ৪০০-এর বেশি জেলা, শহর ও কাউন্টিতে এবং ৪০ হাজারেরও বেশি গ্রামে একযোগে সমাবেশ ও মিছিল হচ্ছে। এ বছর মিছিলের রুটগুলো শহিদদের ছবি দিয়ে সাজানো হয়েছে, বিশেষ করে গেল বছর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক দাঙ্গায় শহিদদের স্মরণ করা হয়েছে।

তেহরানে অনুষ্ঠিত সব মিছিলের গন্তব্য নির্ধারণ করা হয়েছে আজাদি স্কয়ার। রাজধানী তেহরানে এ উপলক্ষে মোট ১৩টি নির্ধারিত রুট ঘোষণা করা হয়েছে, যেগুলো ধরে আজাদি স্কয়ারে সমবেত হচ্ছেন অংশগ্রহণকারীরা।