Image description

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে পানি নিষ্কাশনের নালা বন্ধ করে জমি ভরাট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটিহারা পূর্ব পাড়া গ্রামের সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাটিহারা গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আব্দুল কাদির (৫৫) তার জমিতে মাটি ভরাট করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। ওই জমির ওপর দিয়ে দীর্ঘ দিন ধরে গ্রামের পানি নিষ্কাশনের একটি নালা প্রবাহিত হতো। আব্দুল কাদির মাটি ভরাট করায় পানি চলাচলের পথটি বন্ধ হয়ে যায়। গ্রামবাসী বিকল্প নালার ব্যবস্থা রাখার অনুরোধ জানালেও তিনি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান।

আজ সকালে আব্দুল কাদিরের লোকজন নির্মাণ কাজ শুরু করলে মহিবুর আলমের (৫০) নেতৃত্বে গ্রামবাসীর অন্য একটি পক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মোঃ আখতারুজ্জামান এবং এসআই মানিক সাহার নেতৃত্বে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি বেগতিক দেখে লাখাই আর্মি ক্যাম্প থেকে সেনাসদস্যরাও অভিযানে যোগ দেন। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। লাখাই থানা পুলিশ জানিয়েছে, সংঘর্ষে আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর