আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নে, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেকোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা বা বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির বিভিন্ন নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন। তিনি বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা এবং নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা পর্যবেক্ষণ করেন।
মহাপরিচালক নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নেওয়া পরিকল্পনা যাচাই করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো শৈথিল্য বা গাফিলতিকে সহ্য করা হবে না বলে সতর্ক করেন।
তিনি আরও বলেন, ভোটাররা যাতে নিরাপদ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সংখ্যক টহল ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালাতে হবে। বিজিবি মহাপরিচালক জোর দিয়েছেন, নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments