Image description

রাজশাহীর চারঘাট উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক সার ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে হেলমেটধারী দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত ব্যবসায়ীর নাম বিরাজ (৩৫)। তিনি চারঘাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আমিনুল্লাহর ছেলে এবং স্থানীয় একজন সার ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিরাজ রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হেলমেট পরিহিত দুই ব্যক্তি তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে বিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মানবকণ্ঠ/ডিআর