Image description

পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় কামাল হোসেন নামে স্থানীয় এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) শেষ বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটক কামাল হোসেন মাধবখালী ইউনিয়ন জামায়াতের আমির বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মোাঃ কামাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগের দিন বিকেলে ভোটারদের প্রভাবিত করতে নগদ টাকা বিতরণ করছিলেন ওই জামায়াত নেতা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশে খবর দেওয়া হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আঃ সালাম জানান, স্থানীয়রা একজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যাচ্ছেন। তার উপস্থিতিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলে থাকা মির্জাগঞ্জ থানার এসআই চন্দন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়রা ওই নেতার টাকা দেওয়ার ভিডিও পুলিশকে দেখিয়েছে। ম্যাজিস্ট্রেট আসার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসাঃ মলিহা খানম জানান, বিষয়টি শোনার পর দ্রুত সেখানে মোবাইল টিম পাঠানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

মানবকণ্ঠ/ডিআর