কারণ দর্শানোর নোটিশ
ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকির জবাব দিলেন মঞ্জুরুল আহসান মুন্সী
ভোটারদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছিল নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে তিনি আইনজীবীর মাধ্যমে এই কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন।
মঙ্গলবার রাতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সিভিল জজ তাফরিমা তাবাসুম এই নির্দেশ দিয়েছিলেন। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিব হাসানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, “যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।” গত সোমবার মধ্যরাতে উপজেলার বাকসার গ্রামে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের ‘ট্রাক’ প্রতীকের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই বক্তব্য দেন।
এই ঘটনার জেরে মঙ্গলবার রাতেই কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী এই আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন। তবে ঋণখেলাপির দায়ে আদালত তার প্রার্থিতা বাতিল করলে বিএনপি এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয়। এ আসনে জসিম উদ্দিন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ (শাপলাকলি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম (হাতপাখা)।
মানবকণ্ঠ/ডিআর




Comments