Image description

বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী কাঠের পোল এলাকায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি নীলডুমুরের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন) এবং ২৩ আরই ব্যাটালিয়নের মেজর আশরাদের নেতৃত্বে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হারিখালী কাঠের পোল সংলগ্ন রতন (৫০) নামক এক ব্যক্তির ফার্নিচারের দোকানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ওই দোকান থেকে ৬টি হাসুয়া, ৩টি করাত, ৩টি চাকু, ১টি বড় হাতুড়ি এবং ৭টি লোহার হাতুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।

অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত সরঞ্জামগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নির্বাচনের দিন নাশকতার ছক ভেস্তে দেওয়ায় এলাকায় স্বস্তি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর