Image description

জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার নির্বাচন শেষে দ্রুত ও নির্ভুল ফলাফল জানাতে নির্বাচন কমিশন চালু করেছে ‘Smart Election Management BD’ নামের একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই রিয়েল টাইমে ভোটের ফলাফল দেখতে পারবেন এবং নির্বাচনী বিভিন্ন তথ্য সহজে জানতে পারবেন।

অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করলেই এটি ডাউনলোড করা যাবে। ইনস্টল করার পর অ্যাপটি খুলে সরাসরি ফলাফল দেখা সম্ভব।

সাধারণ ফলাফল দেখার জন্য কোনো লগইন প্রয়োজন হয় না। তবে ব্যক্তিগত ভোটার তথ্য, ভোটার স্ট্যাটাস বা ইভিএম–সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে লগইন করতে হতে পারে। লগইন করলে সংশ্লিষ্ট কেন্দ্র ও ভোট সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে।

অ্যাপের হোম স্ক্রিনে ‘Election Results’ বা ‘Voting Results’ অপশনে প্রবেশ করে নির্বাচনের ধরন বেছে নিতে হবে। এরপর জেলা ও উপজেলা বা ওয়ার্ড নির্বাচন করলে কেন্দ্রভিত্তিক ফলাফল দেখা যাবে। ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল সরাসরি অ্যাপে আপলোড হবে। প্রার্থীভিত্তিক ভোট সংখ্যা, দলীয় অবস্থান এবং শতকরা হার সেখানে প্রদর্শিত হবে।

ফলাফল গ্রাফ ও চার্ট আকারেও উপস্থাপন করা হয়, ফলে কোন প্রার্থী এগিয়ে আছেন তা সহজেই বোঝা যায়। লাইভ আপডেট সুবিধার কারণে ধাপে ধাপে ভোট গণনার অগ্রগতিও দেখা সম্ভব। ডিজিটাল এই উদ্যোগের ফলে এখন আর ফলাফল জানতে দীর্ঘ অপেক্ষা করতে হবে না, নিজের ফোনেই পাওয়া যাবে সর্বশেষ আপডেট।

মানবকণ্ঠ/আরআই