Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনায় আগামীকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে দেশের সব রাজনৈতিক দল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোট গ্রহণে নিয়োজিত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটাররা যে অভাবনীয় সহযোগিতা প্রদান করেছেন, তার জন্য কমিশন গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এছাড়া, বাংলাদেশের শান্তি, স্থিতি ও সমৃদ্ধি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিকেলের পর থেকে সারা দেশের ২৯৯টি আসনের ফলাফল আসতে শুরু করেছে। শান্তিপূর্ণ এই নির্বাচনী পরিবেশ বজায় রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে কমিশন।

মানবকণ্ঠ/ডিআর