ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, দাঁড়িয়ে পাল্লা প্রতীক নিয়ে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। অর্থাৎ ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ডা. শফিকুর রহমান।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে মিরপুর ও কাফরুল এলাকার কেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
ডা. শফিকুর রহমানের বিজয়ের খবর ছড়িয়ে পড়লে মিরপুর ও কাফরুল এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। অনেক জায়গায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। তাঁর এই জয়কে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পথে সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন তাঁর সমর্থকরা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ দেশজুড়ে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন সারা দেশ থেকে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল আসার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments