মিরসরাইয়ে মিষ্টি নিয়ে জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপির বিজয়ী প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই বিজয়ী বিএনপি প্রার্থী নুরুল আমিন মিষ্টি ও ফুল নিয়ে ছুটে গেলেন পরাজিত জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমানের বাড়িতে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি জামায়াত প্রার্থীর বাড়িতে যান। এসময় নুরুল আমিন ছাইফুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আইয়ুব খান প্রমুখ।
এডভোকেট ছাইফুর রহমান বলেন, ‘বিএনপির বিজয়ী প্রার্থী নুরুল আমিন ভাই আমার বাড়িতে আসায় খুব খুশি হয়েছি। এর আগে, ভোটের ফলাফল পেয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছি। আমি চাই, আমরা একটি আলোকিত মিরসরাই গড়বো। আশা করি, নতুন এমপি হানাহানি, সন্ত্রাস, নৈরাজ্য এগুলো কঠোর হস্তে দমন করবেন। যদি মিরসরাইয়ের কোনো উন্নয়নমূলক কাজে আমার সহযোগিতা প্রয়োজন হয়, সর্বাত্মক সহযোগিতা করবো।’
বিজয়ী প্রার্থী নুরুল আমিন বলেন, ‘নির্বাচন আসলে একটি প্রীতি ম্যাচের মতো। পরস্পর একে অপরকে ভাই ভাই মনে করি। বিএনপি-জামায়াত আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি। আমার অভিজ্ঞতা আছে, আমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে, উপজেলা পরিষদ নির্বাচনে ছাইফুর রহমান ভাই সহ সকলে আমার সঙ্গে ছিলেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা এক জায়গারই মানুষ। গণতন্ত্র রক্ষার স্বার্থে, দেশে স্থিতিশীলতার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের দাবিও ছিল দুই দলের নির্বাচনের বিষয়ে। আমরা গণতন্ত্রের জন্য ১৮ বছর একসাথে লড়াই করেছি। সে লড়াইয়ে ফ্যাসিস্টরা হেরেছে। নির্বাচনে আমরা নিজেরে প্রতিযোগিতা করেছি। আমরা একে অপরের সহযোগিতা নিয়ে একটি সুন্দর মিরসরাই গড়ে তুলব।’




Comments