ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে।
বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতার বরাত দিয়ে বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যদিও শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক আয়োজন করবে বর্তমান অন্তর্বর্তী সরকার, তবে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় ইঙ্গিত ও পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রতিবেশীদের অংশীদার করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
তবে শপথ গ্রহণের সুনির্দিষ্ট দিনক্ষণ এবং আমন্ত্রিত অতিথিদের চূড়ান্ত তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী দু-এক দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলো এই প্রক্রিয়া চূড়ান্ত করবে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা নতুন এই সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে দেশি-বিদেশি মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments