ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এসব আসনে নির্বাচনের ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে দলটি। প্রয়োজনে এ বিষয়ে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এসব তথ্য জানান। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দলটির আইনজীবী প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করলেও বহু স্থানে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোট গণনায় গরমিল এবং ফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্বের মতো ঘটনা ঘটেছে। কিছু আসনে ভোর রাতে তড়িঘড়ি করে ফল দেওয়া হয়েছে, যা গভীর সন্দেহের জন্ম দিয়েছে। বিশেষ করে যেসব আসনে ৫ থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে ফল ঘোষণা করা হয়েছে, সেখানেই কারচুপির ঘটনা বেশি ঘটেছে।’
তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ার পরও তা নিষ্পত্তি না করেই সরকার গেজেট প্রকাশ করেছে, যা আইনত প্রশ্নবিদ্ধ।
সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনের প্রার্থী ডা. আব্দুল মান্নান জালিয়াতির সুনির্দিষ্ট কিছু প্রমাণ তুলে ধরেন। তিনি বলেন, ‘কিছু কেন্দ্রে প্রিন্টেড কপির বদলে হাতে লেখা কাগজ দেওয়া হয়েছে। অনেক জায়গায় পোলিং এজেন্টের স্বাক্ষর নেই, এমনকি একটি কেন্দ্রে পেন্সিল দিয়ে ফলাফল লেখা হয়েছে। এসব বিষয়ে নির্বাচনের রাতেই আবেদন করা হলেও কমিশন তা আমলে নেয়নি।’
নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত নেতা জুবায়ের বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় হামলা, মারধর, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমনকি কিছু স্থানে প্রাণহানিও ঘটেছে। নতুন বাংলাদেশে আমরা এমন সহিংস রাজনৈতিক সংস্কৃতি আশা করিনি। অথচ সর্বাধিক আসন পাওয়া দলের পক্ষ থেকে সহিংসতা রোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।’
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কারচুপির শিকার আসনগুলোতে পুনরায় ভোট গণনা করা হলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে, তাদের অনেকেই বিজয়ী হবেন। নির্বাচন কমিশনকে অবিলম্বে বিতর্কিত আসনগুলোর ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান দলটির নেতারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments