Image description

ফেনীতে স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জোহরার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তাঁর নির্দেশে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান ও সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে একটি প্রতিনিধি দল।

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকার বাসিন্দা বিবি জোহরার খোঁজ নিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি তাঁর বাড়িতে যায়। তারা জোহরার সন্তানদের সার্বিক দেখভাল ও পড়াশোনার বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এ সময় মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘তারেক রহমানের নির্দেশে আমরা জোহরার পাশে দাঁড়িয়েছি। মানবিক দৃষ্টিকোণ থেকে এই অসহায় পরিবারটির পুনর্বাসন ও সন্তানদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।’

উপস্থিত ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ‘বিএনপি সবসময় মজলুম ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। কোনো রাজনৈতিক কারণে কাউকে ঘরছাড়া বা পরিবারছাড়া করা অত্যন্ত নিন্দনীয়।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে স্বামীর রক্তচক্ষু উপেক্ষা করে ভোট দিতে যান বিবি জোহরা। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর স্বামী ইসমাইল হোসেন কাউসার তাঁকে তালাক দেন বলে জানা যায়। অভিযুক্ত ইসমাইল ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। এই ঘটনায় তিন সন্তান নিয়ে বিবি জোহরা বর্তমানে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

অনুদান প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক আলহাজ বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এলাকাবাসী দাবি জানিয়েছেন, তালাকপ্রাপ্ত এই মা ও সন্তানদের যেন দ্রুত সামাজিক নিরাপত্তার আওতায় এনে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

মানবকণ্ঠ/ডিআর