ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পরই নেদারল্যান্ডসের উদ্দেশে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দর ও গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে, ফয়েজ আহমদ তৈয়্যব দুবাইগামী এমিরেটসের ইকে ৫৮৩ ফ্লাইটে রওনা হয়েছেন। তার চূড়ান্ত গন্তব্য নেদারল্যান্ডস। দেশত্যাগের সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট (নম্বর- NMF001DH5) ব্যবহার করেছেন। বিমানবন্দরে তার বিদেশ গমনে কোনো আইনি নিষেধাজ্ঞা না থাকায় তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় দেশ ত্যাগ করতে পেরেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ভঙ্গুর প্রযুক্তি খাত পুনর্গঠন ও সংস্কারের লক্ষ্যে নেদারল্যান্ডস প্রবাসী ফয়েজ তৈয়্যবকে দেশে নিয়ে আসা হয়। শুরুতে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে যোগ দেন। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল ‘এনসিপি’ গঠনের লক্ষ্যে উপদেষ্টার পদ ছাড়লে, সে বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ তৈয়্যব। প্রায় এক বছর তিনি এই দায়িত্ব পালন করেছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকর্তাদের ভবিষ্যৎ এবং প্রশাসনিক রদবদল নিয়ে আলোচনা চলছিল। নতুন সরকার গঠনের প্রস্তুতির এই সন্ধিক্ষণে ফয়েজ তৈয়্যবের দেশ ছাড়ার বিষয়টি প্রশাসনিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments