Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, তাদের দল নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তারা সংসদে গিয়ে গঠনমূলক ভূমিকা রাখার পাশাপাশি রাজপথেও রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা শপথ নেব এবং সংসদে গিয়ে দেশের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখব। তবে এর পাশাপাশি আমাদের জন্য রাজপথের কর্মসূচিও খোলা থাকবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আমরা সক্রিয় থাকব।’

সংসদে বিরোধীদলীয় নেতা, উপ-নেতা ও চিফ হুইপ নির্বাচনের বিষয়ে তিনি জানান, শপথ গ্রহণের পর নির্বাচিত সংসদ সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক ও ভোটাভুটির মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনের সময় অনিয়ম হওয়া ৩২টি আসনে ভোট পুনঃগণনার দাবি জানানো হয়েছে। নির্বাচনের মূল্যায়ন করতে গিয়ে আযাদ বলেন, ‘অতীতের তুলনায় এবার ভোটগ্রহণে কিছু গুণগত পরিবর্তন দেখা গেছে এবং বড় ধরনের কোনো সহিংসতা বা খুনাখুনি হয়নি। তবে জাল ভোট প্রদান, কালো টাকার প্রভাব এবং কোথাও কোথাও হুমকি-ধমকি ও হামলার ঘটনা ঘটেছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য উদ্বেগের কারণ।’

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করে স্বচ্ছ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এটি করা সম্ভব হলে দেশের নির্বাচনী ইতিহাসে তা একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

মানবকণ্ঠ/ডিআর