Image description

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে। মঙ্গলবারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

আজ রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও দেশটির জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতি জোর দেয়। এর মাধ্যমে আমাদের দুই দেশকে সম্পর্কের দৃঢ়তায় আবদ্ধ করে। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও বাংলাদেশ ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকারের কাছে উত্তরণকে স্বাগত জানায়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই প্রতিনিধিত্বকে বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের বার্তাও এতে রয়েছে।

এদিকে ভারতের সংবাদমাধ্যম উইওনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে। এ কারণে তিনি তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। 

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের স্পিকার এবং শীর্ষ কূটনীতিককে পাঠানোর সিদ্ধান্তটি নতুন সরকারের সঙ্গে দেশটির সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। এই উদ্যোগ দীর্ঘ সময় ধরে সম্পর্ক পুনর্নির্মাণের প্রচেষ্টা।