Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে যুেকের লাশ। নিহত যুবকের নাম আবু নাঈম (৩০)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবু নাঈম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, উপজেলার পরমেশ্বরদী এলাকায় সরিষা ক্ষেতের মাঝে নাইম নামে এক যুবককে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদঘাটনে কাজ করছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।