ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন সবার নজর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন মন্ত্রিসভার দিকে। দীর্ঘ দুই দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ফিরছে দলটি। তবে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে নানা তালিকা ঘুরপাক খেলেও সেগুলোকে ‘ধারণানির্ভর’ বলে দাবি করেছে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো। মূলত অতি গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রিসভার তালিকায় কারা স্থান পাচ্ছেন—সেটি বর্তমানে তারেক রহমানের একটি ‘সিক্রেট ফাইল’। বিষয়টি নিয়ে তিনি দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেও আনুষ্ঠানিক কোনো আলাপ করেননি। দু-একজন সিনিয়র নেতার পরামর্শ নিলেও তারা চূড়ান্ত সিদ্ধান্তের ভার এককভাবে চেয়ারম্যানের ওপরই ছেড়ে দিয়েছেন। ফলে কার ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছিঁড়ছে, তা জানতে গেজেট ও শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে খোদ দলীয় নেতাদেরও।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি এখন পর্যন্ত ২০৯টি আসনে জয়লাভ করেছে। বিশাল এই জয়ের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে মন্ত্রিত্ব পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠেছে। অনেকেই নিজেকে যোগ্য মনে করে সিনিয়র নেতাদের মাধ্যমে লবিং ও তদবির শুরু করেছেন। সরাসরি তারেক রহমানকে কিছু বলার সাহস না পাওয়ায় তারা নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের কাছে নিজেদের অতীতের আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম এবং ত্যাগের কথা তুলে ধরছেন। তবে দলের হাইকমান্ড থেকে এখন পর্যন্ত কাউকে কোনো নিশ্চিত বার্তা দেওয়া হয়নি।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তালিকাগুলো প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “মন্ত্রিসভায় কারা আসছেন, সে বিষয়ে আমার কিছু জানা নেই। আমাকে এখনো এ বিষয়ে কোনো ফোন দেওয়া হয়নি। গণমাধ্যম বা ফেসবুকে যা ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ অনুমাননির্ভর।”
২০০৬ সালের পর দীর্ঘ প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে এখন উৎসবের আমেজ। সবার মুখে একটাই প্রশ্ন—প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি নবীনদের মধ্য থেকে কাদেরকে নিয়ে সাজানো হচ্ছে আগামীর ‘স্মার্ট’ মন্ত্রিসভা?
বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, যোগ্যতা, বিশ্বস্ততা এবং বিগত দিনের রাজপথের পারফরম্যান্সই হবে মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার মূল মাপকাঠি। চেয়ারম্যান নিজেই সব বিষয় চুলচেরা বিশ্লেষণ করে তালিকা চূড়ান্ত করছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments