Image description

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু এমপি নতুন সরকারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। আসাদুল হাবিব দুলু লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তিস্তা পাড়ের মানুষের অধিকার আদায়ে তার এই আপসহীন ভূমিকা উত্তরবঙ্গের রাজনীতিতে তাকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে।

আসাদুল হাবিব দুলুর সংসদীয় রাজনীতি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা দীর্ঘ। এর আগে তিনি ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সে সময় উত্তরবঙ্গের মঙ্গা নিরসন এবং ত্রাণ ব্যবস্থাপনায় তার বিশেষ ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছিল। এবার তিনি একই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বে ফিরলেন।

ব্যক্তিজীবনে আসাদুল হাবিব দুলু একজন বিশিষ্ট শিক্ষাবিদ। ১৯৫৭ সালে লালমনিরহাটে জন্মগ্রহণ করা এই নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন, যে কারণে এলাকায় তিনি ‘অধ্যক্ষ দুলু’ হিসেবেই বেশি পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানবকণ্ঠ/ডিআর