Image description

রোজার মধ্যে আয়োজন নিয়ে আলোচনা-সমালোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে অমর একুশে বইমেলা শুরুর তারিখ। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমি-র সভাকক্ষে প্রকাশক ও আয়োজকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-ও উপস্থিত ছিলেন।

আগে ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া শতভাগ মওকুফের ঘোষণা দেন সংস্কৃতিমন্ত্রী। তিনি প্রকাশকদের মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি তারা বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্যে সেদিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে। পূর্বে আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে না।

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই