বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। তিনি মনে করেন, ভিন্নমত দমন না করে বরং তাকে স্বাগত জানানোই হওয়া উচিত এদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির জুলাই বিপ্লবের কথা স্মরণ করে বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই।’
তিনি আরও উল্লেখ করেন যে, গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে বর্তমান সরকারি দল (বিএনপি) এবং তারা (জামায়াত)—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে চরম দমন-পীড়নের শিকার হয়েছে।
ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’ তাঁর এই বক্তব্য গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এক শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments