Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল। কলকাতার ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার ইতালি ক্রিকেট দলকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকেই সুপার এইটে জায়গা করে নিল শাই হোপের দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৩১ রানের মধ্যে দুই মারকুটে ব্যাটার ব্র্যান্ডন কিং (৪) ও শিমরন হেটমায়ার (১) আউট হয়ে যান। তবে অধিনায়ক শাই হোপ এক প্রান্ত ধরে রেখে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলেন। মাত্র ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হোপ।

মধ্যবর্তী ইনিংসে রোস্টন চেজ ২৫ বলে ২৪ রান করেন এবং রভম্যান পাওয়েল ৯ রান করে আউট হন। শেষদিকে শেরফান রাদারফোর্ড ১৫ বলে ২৪ এবং ম্যাথিউ ফোর্ড ৮ বলে অপরাজিত ১৬ রান করে দলের ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রানের পুঁজি গড়ে দেন। বেন মানেন্তি ও ক্রিসান কালুগামাগে ইতালির হয়ে দুটি করে উইকেট নেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি শুরু থেকেই ব্যাকফুটে থাকে। মাত্র ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে তারা কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। বেন মানেন্তি ২১ বলে ২৬ এবং জে জে স্মাটস ২৭ বলে ২৪ রান করেন। অন্য কোনো ব্যাটার বিশের কোটাও স্পর্শ করতে পারেননি।

শেষ পর্যন্ত ১৮ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় ইতালির ইনিংস। শামার জোসেফ ৪ উইকেট এবং ম্যাথিউ ফোর্ড ৩ উইকেট শিকার করে ক্যারিবীয়দের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে ‘সি’ গ্রুপ থেকে শীর্ষে থেকেই ওয়েস্ট ইন্ডিজ খেলবে সুপার এইটে।

মানবকণ্ঠ/আরআই