পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে একটি আবাসিক ভবনের অংশ গ্যাস বিস্ফোরণের কারণে ধসে পড়ে অন্তত ১৬ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে সোলজার বাজার, গুল রানা কলনি এলাকায়। সহকারী পুলিশ সুপার জামশেদ আশের জানান, ভোররাত প্রায় সোয়া ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটে।
সিন্ধু প্রদেশের উদ্ধারকারী বাহিনী রেসক্যু ১১২২ জানায়, তিনতলা ভবনটির ঘরগুলো ছোট ও ঘন হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। চিফ অপারেটিং কর্মকর্তা ডা. আবিদ জালালুদ্দিন নিশ্চিত করেছেন, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।
নিহতদের মধ্যে আট শিশু, চার নারী ও চার পুরুষ রয়েছেন। তাদের বয়স দুই থেকে ৬০ বছরের মধ্যে। আহতদের মধ্যে শিশু সাতজন রয়েছেন। ঘটনার পর পুলিশ ভবনটি ঘিরে রেখেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments