Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, নবগঠিত সরকারের মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক নয় এবং এতে আর্থিকভাবে অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত ও ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা স্থান পেয়েছেন। তিনি আরও বলেন, হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও মন্ত্রিসভায় আছেন।

বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পর্যালোচনা সভায় নাহিদ ইসলাম বলেন, নতুন মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য নেই, নারীর ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অংশগ্রহণ কম, এবং গড় বয়স প্রায় ৬০। এছাড়া ৬২ শতাংশ মন্ত্রী বা প্রতিমন্ত্রী ব্যবসায়ী, যাদের বড় অংশের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে।

তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদ্বেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের কারণে সরকার ও নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে। নাহিদ আশঙ্কা প্রকাশ করেন যে, আওয়ামী লীগের পুনর্বাসন ও স্থানীয় পর্যায়ে জোটগঠন নির্বাচনের পরিবেশে প্রভাব ফেলছে।

নাহিদ ইসলাম জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের গণভোট ও সংবিধান সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে বাংলাদেশ আগের অবস্থাতেই থাকবে।

মানবকণ্ঠ/আরআই