আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারসহ আশপাশ এলাকায় ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার।
তিনি বলেন, কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও হবে না।
তিনি আরও বলেন, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোতায়ন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক।
এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে থাকবে বোম্ব ডিস্পোজাল, সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াডসহ নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা।
তিনি আরও জানান, কেন্দ্রীয় শহিদ মিনার ও আশেপাশে ৬৪ টি সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চলবে। এ ছাড়া দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র্যাব মহাপরিচালক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতে আর ভালো হবে। র্যাব সতর্ক আছে, আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে। দাবি আদায়ের নামে জনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে দেয়া হবে না।




Comments