তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
তিস্তা মহা পরিকল্পনা নিয়ে দ্রুত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকায় আয়োজিত এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
মন্ত্রী বলেন, “তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন আমাদের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে প্রথম দিন থেকেই আমার সাথে অন্য মন্ত্রীদের আলোচনা হচ্ছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন। এখন আমাদের শুধু সঠিক সময়ের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে।”
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, “দিন পাল্টে গেছে, আগের বাংলাদেশ এখন আর নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করছেন। তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করতে চান। আমাদের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাকে সহযোগিতা করা।”
প্রধানমন্ত্রীর সতর্কতার উদাহরণ দিয়ে তিনি বলেন, “সম্প্রতি দেশের দুই জায়গায় ভূমিকম্প হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আমার দায়িত্বে থাকলেও প্রধানমন্ত্রী নিজেই আমাকে ফোন করে খবরাখবর জানিয়েছেন। এতেই বোঝা যায় তিনি প্রতিটি ছোট-বড় ঘটনার ওপর কতটা কড়া নজর রাখছেন।”
দলীয় নেতা-কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। যারা আমার নাম ভাঙ্গানোর চেষ্টা করবে, তাদের আমি কোনোভাবেই সাথে রাখবো না।”
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে এসেছেন। সফরকালে তিনি সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments