Image description

বাংলাদেশ কোস্ট গার্ড–এর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবন–এর শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। একই সঙ্গে করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য বাদশা শেখ (২৫)-কে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা।


আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় সক্রিয় বিভিন্ন ডাকাত বাহিনীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।