নরসিংদীর শিবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোলাকান্দা মোগলবাড়িতে এ ঘটনা ঘটে।
আহত আবু ছাঈদ মোগল মোলাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি শিবপুরের শ্বাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি সংকটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
আবু ছাঈদের মেয়ে রোকেয়া লিপি বলেন, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে তাদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল।
বৃহস্পতিবার সকালে তিনি ওই জমিতে গেলে স্বপন মোগল এসে বাধা দেন এবং তাকে মারধর করেন। লিপির চিৎকারে তার বাবা ঘটনাস্থলে গেলে স্বপন মোগল ও তার ভাই কিরণ মোগল দা দিয়ে কুপিয়ে আবু ছাঈদের দুই পায়ের রগ কেটে ফেলে। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
এদিকে শুক্রবার রাতে আবু ছাঈদ চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী স্বপন মোগল ও কিরণ মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া বলেন, আহতের স্বজনরা থানায় অভিযোগ করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




Comments