Image description

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদী থেকে নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ আলী (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার থানা ঘাট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ আলী বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে তিতাস নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দেয়। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া নিজেই একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে নিহতের পরিবারের সদস্যরা কাপড়চোপড় দেখে মরদেহ শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। গত তিন দিন ধরে তিনি নিখোঁজ থাকলেও এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

নিহতের পিতা নজরুল মিয়া বলেন, “আমার ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। তিন দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ নদীতে লাশ ভাসার খবর পেয়ে এসে দেখি এটা আমারই ছেলে। তার কোনো শত্রু ছিল না।” 

নিহতের মা জানান, ছেলেকে সুস্থ করার জন্য কয়েকদিন ধরে কুমিল্লায় চিকিৎসা করানো হচ্ছিল। তিনি কীভাবে নদীতে গেলেন তা এখনো স্পষ্ট নয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া জানান, “৯৯৯-এ কল পেয়ে আমরা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে তার স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মানবকণ্ঠ/ডিআর