গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনোয়ারুল ইসলাম বাবু (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃত বাবু উপজেলার সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপ-পরিদর্শক মোঃ জুয়েল ইসলামের নেতৃত্বে একটি রেইডিং টিম গোবিন্দগঞ্জ থানাধীন তরফ কামাল গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারি আনোয়ারুল ইসলাম বাবুর নিজ বাড়ি তল্লাশি চালিয়ে তার শোকেসের ড্রয়ার থেকে ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মোট ওজন প্রায় ১ কেজি ১৯৭ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত বাবু ওই গ্রামের আজিবর রহমান ও রাবেয়া বেগমের ছেলে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিজিটাল ওয়েট মেশিনে আলামতের ওজন নির্ধারণ শেষে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বাকি আলামত সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলাটির তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও কর্মকর্তারা জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments