ফুলবাড়ীতে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, মাংস জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী বাজারে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার ফুলবাড়ী বাজারে এ অভিযান চালানো হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাংস ব্যবসায়ী একরামুল হক বাজারে পঁচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রি করছিলেন। বিষয়টি টের পেয়ে সাধারণ ক্রেতা ও স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত মাংস ব্যবসায়ী একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। পরে জব্দকৃত পঁচা মাংস জনস্বার্থে জনসম্মুখেই ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন, "জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করে এমন যেকোনো অসাধু ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন বাজারের সাধারণ ক্রেতারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments