ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পেয়েছেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ব্যবসায়িক কাজে কুমিল্লায় গিয়েছিলেন সংসদ সদস্য নুরুল আমিন। কাজ শেষে ফেরার পথে বেলা ৩টার দিকে মোহাম্মদ আলী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সংসদ সদস্যকে বহনকারী গাড়িটি সড়ক বিভাজনের (ডিভাইডার) সাথে ধাক্কা লাগে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছে।
বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, বেলা ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। আমাদের চিকিৎসকরা তাকে প্রাথমিক সেবা দিয়েছেন। তার মুখ, মাথা ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments