Image description

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে তাওহীদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তাওহীদ ওই গ্রামের রাকিব রাঢ়ীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির উঠানে খেলা করছিল তাওহীদ। একপর্যায়ে তাকে সেখানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধানের পর বাড়ির পাশের একটি ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর