বাগেরহাটে পৈতৃক জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বজনদের হামলায় মো. ইদ্রিস আলী শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইদ্রিস আলী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত হাশেম আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইদ্রিস আলীর ভাই সিদ্দিক শেখের ছেলে আলী শেখ, নিজাম শেখ, নাজিম উদ্দিন শেখ ও রুবেল শেখসহ কয়েকজন তাদের বিরোধপূর্ণ পৈতৃক জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন। এ সময় ইদ্রিস আলী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে ইদ্রিস আলীসহ অন্তত সাতজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় ইদ্রিস আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments