Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান পিলখানা ট্রাজেডি নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, ২০০৯ সালের ঘটনার প্রকৃত রহস্য চাপা পড়ে গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ২০০৯ সালের এই দিনে জাতি এক বেদনাদায়ক ঘটনার সাক্ষী হয়।

সেদিন একে একে ৫৭ জন দেশপ্রেমিক ও চৌকস সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এমনকি তাদের পরিবারের সদস্যদেরও হত্যা করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার দুই মাসেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটে এবং তৎকালীন সরকার এর দায় বিরোধী দলগুলোর ওপর চাপানোর চেষ্টা করে। তার ভাষায়, এর ফলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য আড়ালে থেকে যায়।

জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি কমিশন কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং আংশিক সত্য প্রকাশ পেয়েছে বলে তার ধারণা। তিনি অভিযোগ করেন, সহকর্মীদের হত্যার প্রতিবাদ করায় কিছু সামরিক কর্মকর্তাকে চাকরিচ্যুতসহ বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে।

পোস্টে তিনি নিহত সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে তাদের জন্য ধৈর্য ও ন্যায়বিচার নিশ্চিত করার দোয়া করেন।

মানবকণ্ঠ/আরআই