Image description

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। বিক্ষোভ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের অভিযোগ, দুর্বল ব্যাংকের সঙ্গে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের উদ্যোগ এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে গভর্নরকে ‘স্বৈরাচারী’ আখ্যা দেওয়া হয়েছে। তিন কর্মকর্তাকে শোকজ দিয়ে ঢাকার বাইরে বদলি করা হয়েছে।

অফিসার্স কাউন্সিল জানিয়েছে, গভর্নর সচিবালয় থেকে বিএফআইইউকে প্রদত্ত দাপ্তরিক নোটের মাধ্যমে স্পর্শকাতর হিসাব সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিতরণের নির্দেশ দিয়েছেন, যা নিয়মের পরিপন্থী। অভিযোগ রয়েছে, গভর্নরের স্ত্রী ও একান্ত সচিবের যোগসাজশে এই তথ্য একটি সিন্ডিকেটের কাছে পাচার হচ্ছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের লঙ্ঘন।

অতিরিক্ত অভিযোগে বলা হয়েছে, সাবেক গভর্নরের জন্য ইতিমধ্যেই সচল একটি গাড়ি থাকা সত্ত্বেও পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্য নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন। গাড়ির ক্রয় প্রক্রিয়া সরকারি নীতিমালা লঙ্ঘন করে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্ট্যান্ডার্ড তালিকায় নেই। বর্তমানে গভর্নর ও পরিবারের সদস্যরা বিধিবহির্ভূতভাবে ব্যাংকের চারটি গাড়ি ব্যবহার করছেন, যা বাজেট এবং জ্বালানি সীমা ছাড়িয়ে যাচ্ছে।

কাউন্সিল আরও উল্লেখ করেছে, গভর্নরের একান্ত সচিব নিয়মবহির্ভূতভাবে প্রতিমাসে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা উত্তোলন করছেন, যা ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলার ওপর গুরুতর প্রভাব ফেলছে।

মানবকণ্ঠ/আরআই