নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে চারজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার অনুসারীদের সঙ্গে খলিল শেখের পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খলিল শেখ (৭০), তার ছেলে তাহাজ্জত শেখ (৪১), প্রতিবেশী ফেরদাউস হোসেন (৪০) এবং প্রতিপক্ষের ওসিবুর ফকির (৩৬)।
নিহত খলিল শেখের পরিবারের অভিযোগ, ঘটনার দিন ভোরে সাহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতির সময় সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের মোল্যার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই খলিল শেখসহ তিনজন নিহত হন। অন্যদিকে খায়ের মোল্যার পক্ষের দাবি, তাদের লোকজন বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হলে ওসিবুর ফকির নিহত হন। এ সময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
লোমহর্ষক এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানান, মামলার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments