Image description

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে এবং মাঠপর্যায়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার কনস্টেবল নিয়োগের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বড় এই নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান প্রেক্ষাপটে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে এবং যোগ্য প্রার্থীদেরই চূড়ান্তভাবে বাছাই করা হবে। কনস্টেবল পদের পাশাপাশি ১৮০টি পুলিশ সার্জেন্ট পদেও শিগগিরই নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.৫০ থাকতে হবে।

বয়সসীমা:
প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা:
আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা:
পুরুষ: ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি
মহিলা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি

ওজন:
উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত মানদণ্ড অনুসারে হতে হবে।

দৃষ্টিশক্তি:
চোখের দৃষ্টি ৬/৬ থাকতে হবে।

সরকার সংশ্লিষ্টদের মতে, এই বড় নিয়োগ কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা কার্যক্রম আরও গতিশীল হবে।