Image description

সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে দিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে ফিরে গেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ড. ইউনূস যমুনা ছেড়ে দেওয়ায় এখন ভবনটিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। সংস্কার কাজ শেষ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে তাঁর অফিশিয়াল রেসিডেন্স হিসেবে উঠবেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যমুনাতেই ঈদ শুভেচ্ছা বিনিময় করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। বর্তমানে তিনি গুলশানে তাঁর ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে অধ্যাপক ইউনূস ‘যমুনা’য় অবস্থান করছিলেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলেও তিনি এতদিন সেখানেই ছিলেন। তবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করায় এবং রাষ্ট্রীয় দাপ্তরিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি আজ নিজের বাসভবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সূত্র আরও জানিয়েছে, যমুনা থেকে বিদায় নেওয়ার পর ড. ইউনূস এখন থেকে তাঁর ‘ইউনূস সেন্টার’ ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পূর্ণ মনোযোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর